২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ তারেক রহমানের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৫:০১ সন্ধ্যা

ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের প্রস্তুতি কতটা কার্যকর, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, উদ্ধার তৎপরতা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। তিনি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড মেনে চলার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের কারণে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা এবং উদ্ধারকর্মীদের প্রশিক্ষণের বিষয়েও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন