বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তাঁকে জামিন দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। এক দিনের রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে আবেদন করলে তিনি জামিন পান।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
জেআই/

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৫:১১ সন্ধ্যা