২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৮ বছরে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষ করলেন কার্ল বুশবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ১০:৩৮ সকাল

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান। পায়ে হেঁটে বিশ্ব ঘুরে অবশেষে নিজ শহরে ফিরেছেন যুক্তরাজ্যের অভিযাত্রী কার্ল বুশবি। প্রায় ৩১ হাজার মাইল পথ পাড়ি দিয়ে সোমবার (৩ নভেম্বর) ইংল্যান্ডের হাল শহরে শৈশবের বাড়িতে পৌঁছান ৫৭ বছর বয়সী সাবেক এই সেনাসদস্য।

১৯৯৮ সালে চিলি থেকে শুরু হয়েছিল বুশবির ব্যতিক্রমী এই অভিযান। দীর্ঘ পথচলায় তিনি পাড়ি দিয়েছেন মধ্য আমেরিকার দুর্গম জঙ্গল, আলাস্কা থেকে রাশিয়া পর্যন্ত বরফাচ্ছন্ন পথ এবং কাস্পিয়ান সাগর। সাগর পাড়ি দিয়েছেন সাঁতরে, একইভাবে গত মাসে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নিজের গন্তব্যে ফেরার শেষ ধাপ সম্পন্ন করেন। পুরো অভিযানে কোনো মোটরচালিত যানবাহনের সাহায্য নেননি তিনি।

সোমবার সকালে হাল শহরের একটি চত্বরে তাকে স্বাগত জানাতে জড়ো হন শত শত মানুষ। দীর্ঘ অভিযানের পর মানুষের এমন ভালোবাসায় আবেগাপ্লুত বুশবি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ২৮ বছর পর এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। পরে নিজের মালপত্র একটি ছোট গাড়িতে তুলে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন মা, ৩৬ বছর বয়সী ছেলে এবং ১২ বছর বয়সী নাতনি।

বুশবির এই অসম্ভবকে সম্ভব করার পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিশের দশকে ব্রিটিশ সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে কর্মরত ছিলেন তিনি। বিবাহবিচ্ছেদের পর একদিন বিশ্ব মানচিত্রে একটি রেখা টেনে বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নেন। তার বাবা একসময় লন্ডন থেকে নিউইয়র্ক পর্যন্ত হেঁটে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবতেন। বাবার সেই চিন্তাই বুশবির মনে বিশ্বভ্রমণের স্বপ্ন জাগিয়ে তোলে।

প্রাথমিকভাবে ১০ বছরের মধ্যে অভিযান শেষ করার লক্ষ্য থাকলেও বাস্তবতা ছিল অনেক কঠিন। পথে একাধিকবার বিপদের মুখে পড়তে হয়েছে তাকে। পানামায় কারাবন্দি ছিলেন কিছুদিন, মেক্সিকোতে বন্দুকের মুখোমুখি হয়েছেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে রাশিয়ায় আটক হন। এ ছাড়া ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘায়িত হয় তার যাত্রা।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুশবি জানান, ২৮ বছরের এই দীর্ঘ সময়ে প্রায় ১৫ বছর তিনি বাস্তবে হেঁটেছেন। ভিসা সংগ্রহ, ভ্রমণের প্রস্তুতি এবং পৃষ্ঠপোষকতার বিষয়গুলো সামলাতে তাকে কয়েক দফায় মেক্সিকোতে ফিরে যেতে হয়েছিল।

এদিকে, বুশবির রোমাঞ্চকর বিশ্বভ্রমণ নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহে ইংল্যান্ডের বিভিন্ন অনুষ্ঠানে নিজের দীর্ঘ অভিযানের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার।

সূত্র: রয়টার্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন