২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৩:২৮ বিকাল

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার দাবি, বর্তমানে চালু থাকা এসব ক্লিনিকের অনুমোদন দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে তদারকি করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একযোগে সব প্রতিষ্ঠান বন্ধ না করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসক সংকটের বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন মন্ত্রী। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি ও কালকিনি থানার ওসি জহিরুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন