দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির সম্ভাব্য স্থান, নকশা ও নির্মাণব্যয় নির্ধারণ করা হবে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি মোংলা বন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গতি আনার পরিকল্পনা রয়েছে।
সভায় পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়েও আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হাবিবুর রশিদ, ফরহাদ হোসেন আজাদ ও মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেআই/

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৬:৩৯ সন্ধ্যা