২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নতুন করে তিন দিনের রিমান্ডে দীপ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৭:০১ রাত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আগের চার দিনের জিজ্ঞাসাবাদে দীপ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও মামলার মূল রহস্য উদ্‌ঘাটনে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এ কারণে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

রিমান্ড আবেদনে আটটি কারণ উল্লেখ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে সংগৃহীত সিসিটিভি ফুটেজ আসামির উপস্থিতিতে যাচাই ও বিশ্লেষণ, নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালে ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা খতিয়ে দেখা এবং ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পর্যালোচনা।

এ ছাড়া হত্যাকাণ্ডের মূল রহস্য ও উদ্দেশ্য উদ্‌ঘাটন, ঘটনাস্থল শনাক্ত, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের বিষয়গুলোও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও তাঁর বান্ধবী দীপকে দেখা যায়। সেখান থেকে বের হওয়ার পর ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাঁরা টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী মাঠে যাওয়ার পর দুজন আলাদা হয়ে যান বলে দীপ পুলিশকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম ৩১ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন