২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ মৃত্যু, পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১:২২ দুপুর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) আইনপ্রণেতাদের সামনে দুর্ঘটনা নিয়ে শুনানিতে বক্তব্য দেওয়ার পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি বড় দুর্ঘটনার পর স্পেনের মতো দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। দুর্ঘটনার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি।

গত ২৮ অক্টোবর মাদ্রিদের দক্ষিণে দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ৬৯ জন। মাদ্রিদ-সেভিয়া রেলপথের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ার পর দুর্ঘটনার সূত্রপাত হয়। নিয়ন্ত্রণকক্ষের অনুমতিতে রেনফের একটি ট্রেন চলতে শুরু করলে একই লাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর ট্রেনটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

এটি চলতি বছর মাদ্রিদ-সেভিয়া রেলপথে দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রেলপথে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন। ওই দুর্ঘটনার তদন্ত এখনো চলছে।

পরপর দুই দুর্ঘটনায় স্পেনের রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির পরিবহন খাতকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

এদিকে রেল নিরাপত্তা জোরদারে মঙ্গলবার বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে স্পেন সরকার। এর মধ্যে নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম উন্নত করা এবং ইউরোপীয় মানের রেল ট্রাফিক ব্যবস্থাপনা ও সিগন্যালিং প্রযুক্তি দ্রুত চালুর উদ্যোগ রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন