দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে চারজন ঢাকা, একজন সিলেট ও একজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক এবং পরীক্ষায় ৭৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮। পরীক্ষায় নিশ্চিত রোগী ২৪ হাজার ১৫০ জন। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে টিকাদান কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৩:৫৬ বিকাল