প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে উৎসবের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপনে ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।
হীরকজয়ন্তীতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলছে। গত ৩০ অক্টোবর শুরু হওয়া নিবন্ধন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
আয়োজনের শুরুতে থাকবে বর্ণাঢ্য র্যালি। এরপর আলোচনা সভা ও বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। দুপুরে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেমসের সংগীত পরিবেশনা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। উৎসব সফল করতে নিবন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইভেন্ট ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিবন্ধনসহ সাংস্কৃতিক আয়োজন ও অন্যান্য প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৯:০৬ রাত