২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছন্দহীন ভিনিসিয়ুসকে নিয়ে বাড়ছে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ৩:০৮ বিকাল

চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে দলের জয়ের রাতেও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। টানা ছয় ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারায় তাঁকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে গ্রিসের অলউইন অ্যারেনায় এইকে এথেন্সকে ৩-২ গোলে হারায় রিয়াল। জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে জয়সূচক গোল করেন ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচের ৮১তম মিনিটে বদলি হওয়ার আগে ভিনিসিয়ুস তেমন প্রভাব রাখতে পারেননি। পুরো ম্যাচে মাত্র একটি ড্রিবলের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। সাতটি দ্বৈরথের মধ্যে জিতেছেন মাত্র দুটিতে। তিনটি শট নিয়েও একটিও লক্ষ্যে রাখতে পারেননি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ভিনিসিয়ুসের গোল মাত্র একটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। সর্বশেষ ছয় ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি তিনি।

তবে শিষ্যের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে চাননি রিয়াল কোচ হোসে মরিনহো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস গ্রহণযোগ্য একটি ম্যাচ খেলেছে। অসাধারণ কিছু নয়, তবে দলও অসাধারণ খেলেনি। কঠিন একটি ম্যাচ ছিল এবং সেই বিবেচনায় সে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।’

ভিনিসিয়ুসের ড্রিবলিংয়ের পরিসংখ্যানও তাঁর ছন্দহীনতার চিত্র তুলে ধরছে। ২০২৩-২৪ মৌসুমে প্রতি ৯০ মিনিটে গড়ে ৮.৩৬টি ড্রিবলের চেষ্টা করতেন তিনি, সফল হতেন ৩.২৭টিতে। চলতি মৌসুমে চেষ্টা নেমে এসেছে ৩.৯৮টিতে, সফল হচ্ছেন মাত্র ১.৬৩টিতে।

এদিকে লা লিগায় নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলতে পারছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর দুই ঘটনায় মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে আপাতত চ্যাম্পিয়ন্স লিগই নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

মরিনহো অবশ্য ভিনিসিয়ুসকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তাঁকে সামলানোর কৌশল নিয়ে প্রশ্ন করা হলে মজা করে রিয়াল কোচ বলেন, ‘এখন পর্যন্ত ওর ক্ষেত্রে ৮০ শতাংশ নরম আর ২০ শতাংশ কঠোর পদ্ধতি ব্যবহার করছি।’

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের সাফল্য থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে পিছিয়ে রয়েছেন ভিনিসিয়ুস। এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ চেনা ছন্দে ফিরে আসা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন