আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হতে পারে। তবে আইনটি স্পর্শকাতর হওয়ায় সরকার এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না।
ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবর নাকচ করে তিনি বলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়নি; সাময়িকভাবে হেফাজতে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রক্ষার বিষয়টিও বিবেচনায় ছিল বলে জানান তিনি। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
চলমান তৈরি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, গার্মেন্টস খাতের বর্তমান আন্দোলন মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ৩:৫১ বিকাল