সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন ফারজানা আফরোজকে। এর জবাবে ২০২২ সালে তাঁদের বিয়ে হয়েছে দাবি করে কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইংয়ে ফারজানার যুক্ত হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনা শুরু হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ একই পোস্টে ফারজানার ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় নিয়েও মন্তব্য করেন তিনি।
এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির এক যুগ্ম আহ্বায়কও বিষয়টি নিশ্চিত করেন।
রনির বক্তব্যের পর বৃহস্পতিবার রাতেই গণমাধ্যমের কাছে বিয়ের কাবিননামা প্রকাশ করেন ফারজানা। তাঁর দাবি, ২০২২ সালের ১৩ মে চট্টগ্রামে সবার উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।
ফারজানা বলেন, বিয়ের বিষয়টি সত্য এবং গোলাম মাওলা রনি চট্টগ্রামে গিয়ে সবার উপস্থিতিতে তাঁকে বিয়ে করেছেন। তাঁর শাশুড়িও ছয়-সাত মাস তাঁর সঙ্গে ছিলেন বলে দাবি করেন তিনি।
রনির বক্তব্যের বিষয়ে ফারজানা আরও বলেন, তাঁর স্বামী পারিবারিকসহ বিভিন্ন চাপে রয়েছেন। সে কারণেই হয়তো এ ধরনের কথা বলতে বাধ্য হয়েছেন।
তবে প্রকাশিত কাবিননামার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে গোলাম মাওলা রনির সঙ্গে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ । ১২:২৫ দুপুর