জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন দোকানের কাঁচের জানালা ভেঙে পড়েছে এবং ঘরের আসবাবপত্র ও বইপত্র ছড়িয়ে-ছিটিয়ে গেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুকা অঞ্চলে। ভূমিকম্পের কম্পন আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত এলাকায় অনুভূত হয়। ইয়ামানসিতেও কম্পন অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর কয়েকটি আফটারশকও অনুভূত হয়।
ভূমিকম্পের পর দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন। দেশটির টেলিভিশনে প্রচারিত ভিডিওতে রাস্তায় ভাঙা কাঁচ এবং বইয়ের দোকানে শেলফ থেকে বই পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১০:২৩ সকাল