২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১১:২০ সকাল

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে পরীমনি ও তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং আরেকটি ভিডিও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এক বিচারপ্রার্থী আহত হন।

এ ছাড়া সাংবাদিক রবিউল হোসাইনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ৬ নভেম্বর পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট করেন বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

একই সঙ্গে সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন