২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অটোরিকশা চালকদের ধর্মঘটে রাজধানীতে ভোগান্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ১২:০৯ দুপুর

বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার অটোরিকশা চলাচল। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকরা। এ সময় সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। কোথাও অটোরিকশার হেডলাইট ভেঙে দেওয়া হয়েছে, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চালকদের অভিযোগ, সরকার প্রণীত নতুন নীতিমালায় অটোরিকশার লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানেরও প্রতিবাদ জানাচ্ছেন তারা। এসব সিদ্ধান্তের পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা।

সোমবার সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এ সময় তাদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। পরে আশপাশের বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

সকাল সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় সেটিতে হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে সেটি ভেঙে যায়। এতে অটোরিকশার ভেতরে থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে চালকের সঙ্গে ওই ব্যক্তির বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সকাল থেকেই বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন না পেয়ে কেউ কেউ বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।

যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’

এদিকে চালকদের ধর্মঘট ও সড়কে অটোরিকশা আটকে দেওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। দাবি আদায়ে চালকদের কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ধর্মঘট ঘিরে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন