২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে মোমেনা-আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৪:২৩ বিকাল

চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন ১ হাজার ১৯০ জন রোগী। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার গোপালকাটা উচ্চ বিদ্যালয়ে মোমেনা-আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজহিতৈষী হাজী মোমেনা ও আনোয়ার মুহুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের ইছালে ছওয়াবের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট ও নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

চক্ষু, মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলাসহ বিভিন্ন বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৩০৩ জন ছিলেন চক্ষু রোগী। তাঁদের ৭৮ জনকে চশমা দেওয়া হয় এবং ২০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এ ছাড়া রোগীদের মধ্যে প্রায় তিন লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজন সফল করতে ৪৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের স্কাউট দলও সহযোগিতা করে। পরে আয়োজকের বাড়িতে প্রায় দুই হাজার মানুষের জন্য জেয়াফতের আয়োজন করা হয়।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী। তিনি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকে মোমেনা-আনোয়ার ফাউন্ডেশন এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ছৈয়দুল আলম কোরাইশী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম শাকিল, প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন