২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভূমি মালিকদের কাগজপত্র সংগ্রহ থেকে চেক লেনদেন—অভিযোগের কেন্দ্রে শিপন-সন্দীপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৯:২৪ রাত

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানি ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। শিপন ও সন্দীপন নামে দুই ব্যক্তির নেতৃত্বে ১০-১২ জনের একটি সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জারি কারক, সার্ভেয়ার ও চেইনম্যানদের একটি অংশের যোগসাজশে এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রথমে ১৫ থেকে ২০ শতাংশ কমিশনে চুক্তি করা হয়। পরে সেই কমিশন বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দাবি করা হয়। দাবিকৃত কমিশন দিতে রাজি না হলে ফাইলের নানা জটিলতা ও অজুহাতে ক্ষতিপূরণের টাকা পেতে দীর্ঘসূত্রতা তৈরি করা হয়। বছরের পর বছর ঘুরেও টাকা না পেয়ে অনেক ভূমি মালিক একপর্যায়ে তাঁদের শর্ত মানতে বাধ্য হন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অনুসন্ধানে জানা গেছে, অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সময় জারি কারক আনোয়ার ও কাউছার কৌশলে তাঁদের জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। পরে ক্ষতিপূরণের অর্থ ছাড় করিয়ে দেওয়ার দায়িত্ব নেন শিপন ও সন্দীপন।

নাম প্রকাশ না করার শর্তে ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মচারী জানান, এলএ শাখায় বহিরাগত দালালদের দৌরাত্ম্য বেড়েছে। ফখরুল, ইকবাল, জুয়েল দত্ত, গোবিন্দ ও আবছার নামে কয়েকজন ওই শাখার কর্মচারী না হয়েও সেখানে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ করেন তিনি।

নিয়ম অনুযায়ী জমির মূল কাগজপত্র সংশ্লিষ্ট সার্ভেয়ার ও কানুনগোর কাছে জমা দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, জারি কারক আনোয়ার, কাউছার ও চেইনম্যান মঞ্জু এসব কাগজপত্র সংগ্রহ করেন। পরে ভূমি মালিকদের প্রতিবেদন তৈরির কথা বলে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৪৪ নম্বর কক্ষে পাঠানো হয়। সেখানে শিপন ও সন্দীপনের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি এবং চেক লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, মূল অফিস থেকে কিছুটা দূরে হওয়ায় ১৪৪ নম্বর কক্ষের দ্বিতীয় তলাকে সিন্ডিকেটটি তাদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। সেখানে চেয়ার-টেবিল ও কম্পিউটার বসিয়ে ফাইল তৈরি ও বিভিন্ন কাজ পরিচালনা করা হয়। অথচ শিপন ও সন্দীপন জেলা প্রশাসকের কার্যালয় কিংবা ভূমি অধিগ্রহণ শাখার কোনো কর্মকর্তা-কর্মচারী নন। তাঁদের একজনের বাড়ি বাঁশখালীর পালেগ্রামে এবং অন্যজনের বাড়ি মিরসরাইয়ে।

অভিযোগের বিষয়ে সন্দীপনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জারি কারক আনোয়ার অভিযোগ অস্বীকার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কাউছারও সিন্ডিকেট ও ফাইল তৈরির অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জানান, তাঁরা দুই সহোদর দুই-তিন বছর ধরে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত। যদিও অনুসন্ধানে তাঁদের দীর্ঘ ৯-১০ বছর ধরে সেখানে কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে শিপন স্বীকার করেন, তিনি ও সন্দীপন ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারী নন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৪৪ নম্বর কক্ষে বসে তাঁরা ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত সার্ভেয়ারদের বিভিন্ন প্রতিবেদন তৈরি করেন বলে জানান।

এ বিষয়ে এলও মো. আনিছুর রহমান খান বলেন, ১৪৪ নম্বর কক্ষ সম্পর্কে তাঁর জানা নেই। তবে সার্ভেয়ার বা এলএ শাখার কারও দ্বারা কেউ হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান বলেন, ভূমি অধিগ্রহণ শাখায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন