মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরাফাত উদ্দিন হায়দার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শরিফ হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর) সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে গঠিত ১৭ সদস্যের এই কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি আবু সাকিব।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন মো. তাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক শিপন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন অভি, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক আনফাল চৌধুরী মুন্না, প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দিন হৃদয়, সহপ্রচার সম্পাদক কাওসার তারেক মুন্না, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন হাফেজ মো. আরিফ হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুর হোসাইন (রনি), আরিফ হোসেন বাবলু, সাদমান সাকিব (অনিম), সাখাওয়াত হোসেন ও মো. ইসমাইল হোসেন।
২০২০ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সহায়তা, এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা, যুব কর্মসংস্থান সৃষ্টি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি।
সংগঠনসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি চট্টগ্রাম, সীতাকুণ্ড, মিরসরাই, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তাঁরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৯:৪৬ রাত