২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে ১১ দলের ঐক্যের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৭:২৬ সকাল

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। এসব ঘটনার জন্য বিএনপি সরকারের ব্যর্থতাকে দায়ী করে তারা বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্প্রতি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ভারতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বর্তমান সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাতেও ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ‘আমিন’ বলে সাড়া দেন।

১১ দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিছক বিচ্ছিন্ন অপরাধ নয়। এসব ঘটনার মাধ্যমে দেশে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে এর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নাশকতা কঠোরভাবে দমন করা সরকারের দায়িত্ব। তবে সরকার এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারও। তার দাবি, নাশকতাকারীরা সরকার কিংবা সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা যাচাইয়ের কথা জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে না। বরং বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় সরকার।

এ বিষয়ে এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা। জামায়াত নেতা জুবায়েরও একই মত দিয়েছেন। তবে তার ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেশে অস্থিতিশীলতা তৈরির একটি কৌশল হতে পারে।

জুবায়ের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। শেখ হাসিনা কিংবা ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তন ঠেকাতে সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

একই মত দিয়েছেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। সম্মিলিতভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন