২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অবশেষে বিয়ের খবর স্বীকার করলেন আসাদ নূর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৭:৫৭ সকাল

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের খবর অবশেষে প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ঘিরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

লাইভে আসাদ নূর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে দেখা যাওয়া পাত্র তিনিই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি এবং পারশার বিয়ের শাড়ি দেখিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।’

তবে বিয়ের বিষয়টি শুরুতেই সরাসরি প্রকাশ না করার পেছনে পরিকল্পিত উদ্দেশ্য ছিল বলে জানান আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু সামাজিক ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টি পরিকল্পনা করা হয়েছিল।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে তাঁদের বিয়ের ছবি নিয়ে নেটিজেনরা যেসব আলোচনা ও বিশ্লেষণ করেছেন, সেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবেই বিভিন্ন সূত্র বা ‘ক্লু’ রাখা হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পেছনের দৃশ্য কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গোয়েন্দাদেরও অনুসন্ধানের কথা উল্লেখ করেন তিনি। পুরো বিষয়টি তাঁদের কাছে বেশ কৌতুকপূর্ণ ছিল বলেও জানান।

ব্যক্তিজীবন ও অন্যের বিয়ে নিয়ে সমাজের একটি অংশের অতিরিক্ত আগ্রহ এবং কদর্য মন্তব্যের সমালোচনা করেন আসাদ নূর। এ প্রসঙ্গে তিনি তাঁদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার উদাহরণ দেন। পারশার প্রোফাইলে বিড়ালছানাটির ভিডিও প্রকাশের পর সেখানে নেটিজেনদের অশালীন মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিকৃত মানসিকতার মানুষের প্রতিক্রিয়া বোঝার জন্যই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল।

নিজের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি বলেন, শুরুতেই নিজের মুখ প্রকাশ করলে মানুষের মধ্যে এত কৌতূহল ও অনুসন্ধানের সৃষ্টি হতো না। পারশা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় তাঁর জীবনসঙ্গী কে, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করাই ছিল পরিকল্পনার অংশ।

এমনকি জন্মদিনে পারশার আঁকা একটি ছবিতে শুধু চোখের অংশ দেখা গেলেও নেটিজেনরা সেটি খুঁজে বের করেন। পরে তিনি নিজেই ছবিটি আড়াল করে দেন, যাতে মানুষের মধ্যে আরও বিভ্রান্তি তৈরি হয়। নেটিজেনরা যখন শার্লক হোমসের মতো বিভিন্ন সূত্র মিলিয়ে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছিলেন, তখন তিনিও ইচ্ছাকৃতভাবে কিছু পোস্ট আড়াল করে পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি তৈরি ও ব্যঙ্গ করার ঘটনাগুলোরও সমালোচনা করেন তিনি। আসাদ নূরের দাবি, তাঁদের এই পুরো আয়োজন ছিল পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এক ধরনের জবাব। সাধারণ বিয়েতে নারীদের আড়ালে রাখা কিংবা নিয়ন্ত্রণ করার যে সামাজিক প্রবণতা রয়েছে, তার বিপরীতে তিনি নিজেই মুখ ঢেকে একধরনের ‘রোল প্লে’ করেছেন।

তিনি প্রশ্ন তোলেন, বিয়ের বিষয়টি যদি গোপন রাখারই উদ্দেশ্য থাকত, তাহলে বিয়ের ছবি বা তথ্য জনসমক্ষে প্রকাশ করা হতো না।

নিজেদের সম্পর্কের বৈচিত্র্য তুলে ধরে আসাদ নূর বলেন, তাঁরা দুজন সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ। কাজের ক্ষেত্র, চিন্তাভাবনা ও অবস্থান আলাদা হলেও মনের গভীর মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজের দীর্ঘদিনের কিছু ট্যাবু ভাঙতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

নেটিজেনদের সমালোচনা, কটূক্তি, হুমকি এবং ছবি নিয়ে নানা ধরনের অনুসন্ধানের বিষয়টিকে ব্যঙ্গ করে আসাদ নূর বলেন, তাঁদের ঘিরে যত বেশি আক্রোশ ও হুমকি তৈরি হয়েছে, বিষয়টি তত বেশি আলোচনায় এসেছে।

সবশেষে তিনি দাবি করেন, বিপুল অর্থ ব্যয় করেও একটি বিয়েকে ঘিরে এত ব্যাপক প্রচার তৈরি করা সম্ভব হতো না। মানুষের ব্যক্তিগত কৌতূহল, আলোচনা ও বিতর্কের মধ্য দিয়েই তাঁদের বিয়ের খবর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন