রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের মধ্যে ৯ জনকে ককটেল নিক্ষেপের সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আখতার হোসেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী। তাদের মধ্যে কয়েকজন অর্থের বিনিময়ে এসব নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র বলেন, নাশকতায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে নজরদারিতে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
এ সময় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান ডিএমপির এই কর্মকর্তা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৩:০৯ বিকাল