২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১২:২২ দুপুর

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে একটি বাসে এবং একই দিন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

অন্যদিকে, বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে গেছে। এতে বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন