২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৩:২১ বিকাল

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং অন্য বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, সিলেটে ১৮৬ জন, খুলনায় ১০৮ জন, বরিশাল ও ময়মনসিংহে ১০৭ জন করে, রংপুরে ৪০ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তির চিত্র উঠে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন