সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। এ ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন হামজা।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ ঘোষণা করা হয়। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর দুজনকেই শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে রাখা হয়েছে।
এদিকে চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে মাঠে নামা বিশ্বনাথ ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে কয়েক দফা পরিবর্তন এসেছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। পরে ভুটানের বিপক্ষে দলের নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেই নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন হামজা চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তাঁর হাতেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো জাতীয় দলের অধিনায়কত্ব করেননি এই মিডফিল্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: হামজা চৌধুরী (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৬:৩৮ সন্ধ্যা