২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি: ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৯:৪২ সকাল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগের অবস্থায় আর ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে এমন ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে প্রণালিটির ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ। সাক্ষাৎকারে তিনি জানান, আট মাসের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে তেহরান। এসব প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার বিষয়টিও রয়েছে।

গালিবাফের দাবি, হরমুজ প্রণালিতে কোনো আন্তর্জাতিক উন্মুক্ত জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রণালির ভেতরে চলাচল ও ব্যবস্থাপনার নিয়ম নির্ধারণ করবে এর দুই তীরবর্তী দেশ।

ইরানের দেওয়া সাত দফা প্রস্তাব কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে গালিবাফ বলেন, এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র নতুন কোনো দাবি না তুললে এবং পূর্বে আলোচিত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। তবে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন ইরানের এই নেতা।

সংঘাত অবসানে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা। এসব দাবি গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও কথা বলেন গালিবাফ। তাঁর দাবি, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন।

ইরানে নতুন করে মার্কিন হামলা হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে সতর্ক করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এমন হামলার সিদ্ধান্ত নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখে পড়বেন বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ইয়েমেন ও হুথিদের সংঘাতের বিষয়টিও উঠে আসে। গালিবাফ জানান, ইয়েমেনের সরকার কিংবা সৌদি আরব—উভয় পক্ষের কেউ সহায়তা চাইলে সংঘাত নিরসনে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে তেহরান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন