২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১০:১৮ সকাল

‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’ প্রতিপাদ্যে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। শিশুদের নিউমোনিয়া প্রতিরোধ, সময়মতো রোগ শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে দিবসটিতে। তবে দেশে প্রতিবছর নিউমোনিয়ায় প্রায় ২৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছে ৬০ থেকে ৭০ শিশু।

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে নিউমোনিয়া নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হওয়ার পর শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে পরবর্তী কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া অধিকাংশ শিশুই তীব্র নিউমোনিয়ায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা, সময়মতো টিকাদান ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর বড় অংশ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে।

বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও নেই।

চিকিৎসকদের মতে, পাঁচ বছরের কম বয়সি শিশুরা নিউমোনিয়ায় বেশি ঝুঁকিতে থাকে। অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা এ ঝুঁকি বাড়ায়। শীতকালে রোগটির প্রকোপও বেড়ে যায়।

শিশুর জ্বর, কাশি ও সর্দির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া, বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া নিউমোনিয়ার বিপজ্জনক লক্ষণ। এসব দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি, হিব, হাম ও পার্টুসিসের টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো এবং উপজেলা পর্যায়ে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন