গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১১:০৫ সকাল