সাধারণ মানুষের পাশাপাশি সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত হামলা দাবি করে তিনি বলেছেন, ঘটনার তিন ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। এর আগেও তাঁকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বুধবার রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা বা বিস্ফোরক নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। এর আগে-পরে আরও কয়েকবার হুমকি পেয়েছেন তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডি করার পরও হুমকি দেওয়া হয়েছে।
হামলার সময়ের বিবরণ দিয়ে তিনি জানান, বুধবার রাতে বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর কাছে এটি পেট্রোল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা বলেন তিনি।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে দৌলতপুরে ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
বাড়িটির সঙ্গে পারিবারিক স্মৃতির কথা তুলে ধরে নুসরাত তাবাসসুম বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি। এখানেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী লীগের লোকজন এ ঘটনায় উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের হামলা করে তাঁদের ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে। কিন্তু গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ অসংখ্য ঘটনা দেখেছে। এসব হামলায় তাঁদের আন্দোলন থামানো সম্ভব নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, সংসদ সদস্যদের জীবনও তেমন অনিরাপদ। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।
তিনি আরও বলেন, এ ঘটনা শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; জুলাই আন্দোলন ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্যও একটি সতর্কবার্তা। দ্রুত আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি। শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। নিরাপত্তার দাবিতে তাঁরা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হামিদ টম মাস্টার, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতসহ দলের ও পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৩:১১ বিকাল