২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৭:২৮ রাত

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলন চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা, অভিবাসন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরে বলেন, অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর অবস্থানের কারণে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগেও পড়তে পারে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা, মানবিক সংকট নিরসন এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন