২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিয়ের আসরে বরকে রেখে চার ভরি স্বর্ণালংকারসহ কনে উধাও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ১০:১২ সকাল

বিয়ের আনন্দঘন আয়োজন, হবিগঞ্জ থেকে বাসভর্তি বরযাত্রী নিয়ে রংপুরে উপস্থিত বর। কমিউনিটি সেন্টারে বিয়ের প্রস্তুতিও চলছিল পুরোদমে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তার সঙ্গে থাকা কয়েকজন নারী। শেষ পর্যন্ত বিয়ে না করেই ৪২ জন বরযাত্রী নিয়ে বাড়ি ফিরতে হয় ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদকে।

গত ১১ নভেম্বর বিকেলে রংপুর নগরীর কামাল কাছনার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী বর। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কথিত কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, ঘটনার তদন্ত অনেক দূর এগিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

মামলার অভিযোগ ও বরপক্ষের সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামের বাসিন্দা ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ে করার উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তার ছোট বোন তামান্না আক্তারের মাধ্যমে বিয়ের কথাবার্তা এগোয়।

তামান্নার বিয়ে হয়েছে চট্টগ্রামে। সেখানে স্বামী ও শ্বশুরের সঙ্গে একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সুমি আক্তার ও তার স্বামী সুভাষ আহমেদ। নিজেদের বাড়ি কুড়িগ্রামে পরিচয় দেওয়া এই দম্পতি প্রায় দুই বছর একই ফ্ল্যাটে ছিলেন। দেড় বছর আগে তারা ঢাকায় চলে গেলেও সুমির সঙ্গে তামান্নার যোগাযোগ অব্যাহত ছিল।

ফয়ছলের বিয়ের কথা জানার পর সুমি তার কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। ভিডিও কলে একাধিকবার দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় শ্যামলার। তাকে পছন্দ হওয়ার পর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয় ১১ নভেম্বর। কনেপক্ষের ব্যবস্থাপনায় রংপুর নগরীর কামাল কাছনায় আগামীর চাষি কমিউনিটি সেন্টারও ঠিক করা হয়।

নির্ধারিত দিনে হবিগঞ্জ থেকে বাসে করে ৪২ জন নারী-পুরুষ বরযাত্রী রংপুরে পৌঁছান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। পরে কনের বোন পরিচয় দেওয়া তিন নারী গয়নার মান যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন। তাদের নিয়ে বর, তার পরিবারের সদস্য ও কনেকে নগরীর দেওয়ানবাড়ি রোডের লক্ষ্মী জুয়েলার্সে নেওয়া হয়। সেখানে গয়নার মান যাচাই শেষে কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।

সেখান থেকেই শুরু হয় বিপত্তি। অভিযোগ অনুযায়ী, বিউটি পার্লারে ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের কেনাকাটায় যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে সাজানো হয়। পরে কনেকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। তার সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া এক নারী। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী।

কিন্তু কনেকে নিয়ে যাওয়া রিকশাটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে অটোরিকশাটি নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বুধবার বিকেল ৫টার দিকে সেখানে বরের দুই বোনকে অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী কৌশলে সরে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পর বিষয়টি ফোনে বরকে জানান তারা।

বরপক্ষের অভিযোগ, কনের শরীরে থাকা চার ভরি স্বর্ণালংকারের মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। এ ছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়ি ও বিয়ের নতুন কাপড়ও নিয়ে উধাও হয়েছেন অভিযুক্তরা।

ফয়ছলের বোন তামান্না বলেন, দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্কের কারণে সুমি আক্তারকে বিশ্বাস করেছিলেন তারা। রংপুরে আগে কখনো না আসায় এলাকার পথঘাটও তাদের জানা ছিল না। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণার শিকার হবেন, তা কল্পনাও করেননি।

ভুক্তভোগী বর ফয়ছল আহমেদ বলেন, ছোট বোন তামান্না তার বিয়ের সব আয়োজন করেছিল। বোনের প্রতি তার ও পরিবারের পূর্ণ আস্থা ছিল। একইভাবে সুমির ওপরও তামান্নার বিশ্বাস ছিল। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণার শিকার হতে হবে, তা কখনো ভাবেননি।

এদিকে বিয়ের জন্য নির্ধারিত কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষও আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আগামীর চাষি কমিউনিটি সেন্টারের অপারেশন ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, সাধারণত তাদের প্রতিষ্ঠান ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং ও ভাড়া পরিশোধ করতে হয়। তবে ঘটনার দিন সকালে কনেপক্ষের পরিচয় দেওয়া তিন নারী এসে জানান, বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা থাকলেও ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে জরুরি ভিত্তিতে কমিউনিটি সেন্টার প্রয়োজন।

মানবিক বিবেচনায় তাদের প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৪২ হাজার টাকা এবং দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা। তবে টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার কথা জানান। পরে প্রতারণার বিষয়টি সামনে আসে। শেষ পর্যন্ত বিয়ের আয়োজন ও খাবারের কোনো পর্বই সম্পন্ন হয়নি। কমিউনিটি সেন্টারের পাওনা টাকাও পরিশোধ করেনি কনেপক্ষ।

বিয়ের আনন্দ উদ্‌যাপনের স্বপ্ন নিয়ে রংপুরে আসা ফয়ছলকে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে কনে ছাড়াই। আর চার ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে উধাও হওয়ার ঘটনায় এখন অভিযুক্তদের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন