২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মন্ত্রে যুবকের গোপনাঙ্গ গায়েব, ফিরিয়ে দিতে ব্যর্থ তান্ত্রিককে ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৯:৪৮ সকাল

গাইবান্ধার পলাশবাড়ীতে মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার দাবি উঠেছে এক কথিত তান্ত্রিকের বিরুদ্ধে। পরে আবারও মন্ত্র পড়ে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার অভিযোগে ওই তান্ত্রিককে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে আটকে রাখেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে।

একপর্যায়ে উপস্থিত লোকজন ওই তান্ত্রিককে মন্ত্র পড়ে যুবকের অঙ্গটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অভিযোগ অনুযায়ী, কয়েকবার চেষ্টা করেও তিনি তা ফিরিয়ে দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাঁকে আটকে রাখেন। অদ্ভুত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা ফিরিয়ে দেওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মন্ত্রের মাধ্যমে অঙ্গ গায়েবের এমন অস্বাভাবিক দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন