চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা চালু ও চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে নেওয়ার দাবিতে পদযাত্রা করেছেন প্রায় এক হাজার শ্রমিক। সোমবার সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে পদযাত্রা শুরু করে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিক প্রতিনিধিরা।
স্মারকলিপিতে শ্রমিকেরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে থাকে। পরে ব্যাংকিং জটিলতা, ঋণপত্র (এলসি) খুলতে না পারা ও কাঁচামাল সংকটের কারণে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। এতে হাজারো শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন।
শ্রমিকদের দাবি, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা হলে কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব।
তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বন্ধ সব কারখানা অবিলম্বে চালু, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ, কাউকে ছাঁটাই না করা, ব্যাংকিং জটিলতা নিরসন এবং উৎপাদন চালু রাখতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা।
এ ছাড়া রাজনৈতিক কারণে যাতে কোনো শিল্পকারখানা বন্ধ না হয়, তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।
চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি প্রতিষ্ঠান হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (এনওএফ), গ্যালকো স্টিল, চেমন ইস্পাত, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ ও এস আলম ব্যাগ ফ্যাক্টরি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৩:৫৭ বিকাল