২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৭:৪০ রাত

আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন যশোরের সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সকল সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

সম্মেলন শেষে সেনাপ্রধান এসটিসিএন্ডএস-এ আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন। এছাড়াও তিনি শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও দেশের জন্য বিভিন্ন সময়ে রাখা অবদান ও অর্জনের ওপর আলোকপাত করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্টসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন