ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হলো মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও হাটহাজারী।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে সারাদেশের ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে তিনি এ তথ্য জানান। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মীরসরাইয়ের ১৬টি, সীতাকুণ্ডের ৯টি, সন্দ্বীপের ১৪টি এবং হাটহাজারীর ১৪টি ইউনিয়নে ভোটের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের শতাধিক ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৮৯টি নির্বাচন উপযোগী। পশ্চিম গোমদণ্ডীর ওয়ার্ড পুনর্বিন্যাস এবং সন্দ্বীপের উড়িরচরের সীমানা নিয়ে আদালতে মামলা থাকায় দুটি ইউনিয়নে নির্বাচন নিয়ে জটিলতা রয়েছে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর জনপ্রতিনিধিদের অনুপস্থিতি ও প্রশাসনিক পরিবর্তনের কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নির্বাচন হলে স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের কার্যক্রম পুনরায় সচল হওয়ার সুযোগ তৈরি হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। সাধারণত ভোটের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১০:৩৯ সকাল