গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বন্ধ রয়েছে পণ্য ওঠানামাসহ কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম।
শ্রমিকেরা দুই টার্মিনালের ক্রেন বন্ধ করে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। এতে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো, রপ্তানি পণ্য জাহাজে তোলা এবং বন্দর থেকে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব পাওনা পরিশোধের বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধান মেলেনি।
শ্রমিকদের ভাষ্য, এনসিটি ও সিসিটিতে সাইফ পাওয়ারটেকের নিয়োজিত শ্রমিকেরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এনসিটির পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটির কাছ থেকে চলে যাওয়ার পর এবার সিসিটিও হাতছাড়া হচ্ছে। ফলে তাঁদের চাকরি ও আর্থিক সুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকেও কোনো সমাধান হয়নি বলে দাবি শ্রমিকদের।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটির অবদান প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির প্রায় ১৬ শতাংশ। ফলে টার্মিনাল দুটির কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে কনসেশন চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এর আগে সিসিটি পরিচালনা করত সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এ বিষয়ে বক্তব্য জানতে দৈনিক আজাদী অনলাইন মাধ্যম বরাতে জানা গেছে, বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বন্দরের সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১২:৪২ দুপুর