নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেওয়ার পর গ্রেফতার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারের আগে দেওয়া ভিডিওবার্তায় সাঈদ খোকন বলেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করেন।
এসআরবি সূত্র জানায়, ব্যাটালিয়নটির এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেফতারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে মামলা ও অনুসন্ধান চলছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তিনি আসামি।
২০২৫ সালের ১৩ নভেম্বর তার, বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া তার ও পরিবারের সদস্যদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৯০ কোটি টাকার বন্ড বিনিয়োগ স্থগিত এবং একাধিক স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে তার একার বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:০৩ বিকাল