চট্টগ্রামের আনোয়ারায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে আতঙ্ক সৃষ্টি করেন এক বাবা। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে বাবা ও মেয়েকে উদ্ধার করেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওসমান কলোনিতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাবার নাম মো. নাছির উদ্দিন (২৮)।
পরিবার সূত্রে জানা গেছে, নাছির ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন। গত চার মাস ধরে ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। সোমবার সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তাঁদের বের করতে পারেননি।
একপর্যায়ে হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখানোর পাশাপাশি মেয়ের গলায় ছুরি ধরেন নাছির। পরে স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাশের বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করা হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান জানান, তাঁর ভাই আগে থেকেই অসুস্থ ছিলেন। ওষুধের মাত্রা কমানোর পর থেকে তাঁর আচরণে পরিবর্তন দেখা দেয়। ঘটনার দিন খবর পেয়ে বাড়িতে এসে তাঁদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের ঘরের টিন খুলে তাঁদের উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিরের হাতে ছুরি দেখতে পায়। তিনি মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলেন এবং কাউকে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। নাছিরকে থানায় নেওয়ার পর পরিবারের অনুরোধে চিকিৎসার জন্য স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:৫০ বিকাল