সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতার উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জিত হয়। টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার এবং পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। ডেক থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় ক্লক টাওয়ার জাদুঘর। এখানে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং চাঁদ পর্যবেক্ষণের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়েছে।
৬০১ মিটার উচ্চতার এই ক্লক টাওয়ারের নির্মাণকাজ ২০১২ সালে সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। টাওয়ারটিতে চারটি বিশাল ঘড়ির ডায়াল রয়েছে, প্রতিটির ব্যাস ৪৩ মিটার।
নতুন দুটি স্বীকৃতিসহ মক্কার ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার ও সবচেয়ে বড় ঘড়ির ডায়ালের স্বীকৃতিও পেয়েছিল স্থাপনাটি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ১০:০৪ সকাল