২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে গভীর রাতে টিলা কাটার মহোৎসব, এস্কেভেটর-ডাম্প ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ১২:০৩ দুপুর

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গামারিতলা এলাকায় গত তিন থেকে চার দিন ধরে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, টিলা কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে টিলা কাটা বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন