চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় ঢালাই কাজের ঠিকাদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন জাকির। পথে সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জাকির হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির নুরু মিয়া মিজির বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বসবাস করতেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী জানান, প্রায় ২০ বছর ধরে জাকির টোরাগড় এলাকায় বসবাস করছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৩:০০ বিকাল