আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন, তবুও দেশ ছেড়ে যাননি।’
তিনি আরও বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের নেতৃত্বের সমন্বয়ে জেলায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুর একটি শান্তির শহর। এখানে কোনো ধরনের অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নৈরাজ্য বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় মাঠে থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশনসহ অন্যান্য নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহসভাপতি ডি এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।
এ ছাড়া জেলা, সদর উপজেলা, পৌরসভা, ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ১৫টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ১০:৪২ রাত