২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৬:৫০ সকাল

রাজধানীর তুরাগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করতোয়া ভবন থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে ওই ভবনে জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান শুরু হয়। একপর্যায়ে বাসা থেকেই সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম একটি সংবাদমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরও একই তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, অভিযানের সময় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রাত দেড়টার দিকে তিনি জানান, তার ফ্ল্যাটের সামনে পুলিশ অবস্থান করছে। পুলিশ আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফ্যাসিস্ট, তাই অ্যারেস্ট করতে আসছে।’ এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

পরবর্তী সময়ে জ্যোতিকা জ্যোতিকেও জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন