২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৬:৫৯ সকাল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈত্রিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একটি অংশে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটিতে পুলিশি পাহারা ছিল। তিনজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। তবে তারা কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খেয়াল করতে পারেননি।

ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন লাগে, সেটি পরিত্যক্ত ছিল। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল রাখা ছিল। পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়নি।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা রয়েছেন এবং আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন