২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ১০:৫৭ সকাল

চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে বাসের ধাক্কায় আট নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মইজ্জারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন বাবলু, ফরহাদুল ইসলাম হৃদয়, মো. মামুনুর রশিদ মাহি ও আবুল কালামসহ অন্যরা।

কর্ণফুলী উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাতে মইজ্জারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ অতিক্রম করার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলের মধ্যে ঢুকে পড়ে। এতে আটজন সড়কে ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাসটির গ্লাস ভাঙচুর করেন এবং চালককে আটক করে কর্ণফুলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত নেতাকর্মীদের দেখতে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া। এ ছাড়া হাসপাতালে তাঁদের দেখতে আসেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া।

মিছিলে অংশ নেওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ বলেন, মিছিল চলাকালে বাসটির চালক অসতর্ক ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মিছিলের ভেতরে ঢুকে পড়েন। এতে তাঁদের সহকর্মীরা গুরুতর আহত হন। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, অভিযুক্ত বাসচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন