২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৪:৪৮ বিকাল

রাজধানীতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আমির ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ করা হবে। পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও পালন করা হবে। কেন্দ্রীয় সংগঠনের ৪০ দিনের কর্মসূচির সঙ্গে আরও ৬০ দিন যুক্ত করে এ কর্মসূচি সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা এবং নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সংস্কারের অঙ্গীকার পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না।

এ সময় নগরবাসীকে গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে নাগরিকদের বিভিন্ন সেবা দিতে একটি ডিজিটাল অ্যাপ তৈরির উদ্যোগের কথাও জানান সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন