সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭০ জন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬ জনে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৫:০৬ সন্ধ্যা