চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়িতে কয়েক দশক ধরে ব্যবহৃত চলাচলের পথে কাঁটাতারের বেড়া স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুলের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েকটি পরিবারের চলাচলের পথ। বাড়ি নির্মাণের সামগ্রী আনা-নেওয়াসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের ৪ নম্বর খতিয়ানের ১৯২ নম্বর দাগটি ইউনিয়ন পরিষদের নামে সরকারি রাস্তা হিসেবে রেকর্ডভুক্ত। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাস্তার মাটি কেটে ওই স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেন শিমুল। ফলে দীর্ঘদিনের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন ও উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীপক্ষের জমি ১৯১ নম্বর দাগে এবং বিবাদীপক্ষের জমি ১৯৫ নম্বর দাগে অবস্থিত। মাঝখানে ১৯২ নম্বর দাগে সরকারি রাস্তা রয়েছে। বিবাদীর মালিকানাধীন জমি রাস্তার পশ্চিম পাশে থাকা সত্ত্বেও তিনি রাস্তার পূর্ব পাশে কাঁটাতারের বেড়া দিয়ে বাদীপক্ষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত উপস্থিত হননি। পরে গত ১১ নভেম্বর তিনি চাঁদপুরের দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আলী আশরাফ শিমুল বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা আছে, আপনারা পারলে নিউজ করেন।’ সরকারি রাস্তার অপর পাশে মানুষের চলাচলের পথে বেড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বলেন, ‘আদালতের কাছে জিজ্ঞেস করেন।’
অন্যদিকে অভিযুক্তের ভাই বকুল বলেন, ‘বেড়ার বিষয়ে ভাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে, আমি কিছু বলতে পারব না।’
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘আমি ১-২ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শনে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া স্থাপনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। সরকারি রাস্তা বা অন্যের জমিতে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তা অপসারণ করে দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত করার ব্যবস্থা নিতে হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৫:৩৫ সন্ধ্যা