২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টা, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৬:০৯ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় এক রাতে সংসদ সদস্যের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর এবং সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। একই রাতে চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।

ঘটনার পর আনোয়ারা থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রথমে কয়েকজনকে আটক করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।

গ্রেপ্তাররা হলেন ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন, মো. আবু তৈয়ব ও মো. হাবিবুর রহমান। তাদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে প্রথমে কয়েকজনকে ঘটনাস্থল থেকে এবং পরে বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মোট সাতজনকে গ্রেপ্তারের পর শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন