২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিএনপির মিছিলে আওয়ামীলীগের চেয়ারম্যান ঘিরে হাতাহাতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৯:৪১ রাত

ফটিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় আওয়ামীলীগ সমর্থিত এক চেয়ারম্যানের উপস্থিতিতে হাতা-হাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি সদরে এঘটনা ঘটে।

জানা গেছে, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন পারিবারিক ভাবে আওয়ামীলীগ। দীর্ঘদিন ফটিকছড়ি আওয়ামীলীগের বিদ্রোহী গ্রূপের সাথে থেকে নৌকা প্রাার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মিছিল শুরুর আগমুহূর্তে চেয়ারম্যান শিপন মিছিলের সামনের সারিতে যান। ভিডিওতে দেখা যায়, এর পরপরই ভুজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল আলম তাকে ধাক্কা দেন।
পেছন থেকে নেতা-কর্মীরা দৌড়ে এসে চেয়ারম্যানকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত জ্যেষ্ঠ নেতারা ধাক্কাধাক্কি থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন হাতাহাতির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সামনে থেকে একজন এসে ধাক্কা দিতে চাইলে আমাদের এক কর্মী তাকে ধরে হালকাভাবে সরিয়ে দিয়েছে। এরপর সবাই মিলেমিশে বিষয়টি মিটমাট করে নিয়েছে, তেমন কিছু হয়নি।’

অন্যদিকে যুবদল নেতা জাহেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানতো আওয়ামী লীগের দোসর। সাথে থাকা আওয়ামীলীগের দু’একজন ছিলো। তারাও পিঠা খেয়েছে। পরবর্তীতে, ঘটনার পর চেয়ারম্যানের নেতৃত্বে দুই-তিনজন তার ওপরও হামলা চালায় বলে অভিযোগ করেন জাহেদুল আলম।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, জাহেদুল আলম দলের দুর্দিনে মিটিং-মিছিল করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। এমপি এখন ফটিকছড়ির সবার প্রতিনিধি। তাই কারও এমপির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা অন্যদের ভালো লাগছে না। এ কারণেই এমন ঘটনা, তবে তা গুরুতর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন