২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দালালদের জিম্মিদশা থেকে ট্রলার ছিনিয়ে ফিরলেন ২৮ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ২:৪২ দুপুর

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে গভীর সমুদ্রে ট্রলারে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। কয়েক দিন নির্যাতনের পর ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে পৌঁছায়। পরে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। এর মধ্যে সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ভুক্তভোগীরা জানান, কাউকে কাজের প্রলোভনে, কাউকে মালয়েশিয়া পাঠানোর আশ্বাসে টেকনাফে নিয়ে আটকে রাখা হয়। পরে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে ট্রলারে তোলা হয়। সেখানে নির্যাতনের পাশাপাশি প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

একপর্যায়ে মুক্তিপণের বিষয়ে প্রতিবাদ জানালে দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তারা পালিয়ে গেলে কয়েকজন ভুক্তভোগী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগ, তাদের কাছেও ফোন করে মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন